আজ শনিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস। শান্তি ও উন্নয়নের মূল ভিত্তি হিসেবে শিক্ষার অসামান্য অবদানকে স্বীকৃতি জানিয়ে জাতিসংঘের আহ্বানে প্রতি বছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘দ্য পাওয়ার অব ইয়ুথ ইন কো-ক্রিয়েটিং এডুকেশন’ অর্থাৎ ‘শিক্ষা সহ-সৃষ্টিতে তরুণদের ক্ষমতা’ – এই বিষয়টিকে সামনে রেখে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৮ সালের ৩ ডিসেম্বর এক সর্বসম্মত সিদ্ধান্তে ২৪ জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন (বিএনসিইউ) এবং ইউনেস্কো ঢাকা যৌথভাবে দিবসটি পালন করে আসছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ও বিএনসিইউ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। গেস্ট অব অনার হিসেবে যোগ দেবেন হেড অব অফিস এবং ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ সুজান ভাইজ। বিএনসিইউর ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবভীনা মনীর চিঠি অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন।
বিএনসিইউ সূত্র জানিয়েছে, এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২০ জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে তরুণ-যুবাদের অংশগ্রহণে একটি মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা ক্লাবের প্রতিনিধিরা এতে অংশ নেন। শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন, যা তরুণদের কণ্ঠ শোনার এক অনন্য সুযোগ তৈরি করে। আজকের আন্তর্জাতিক শিক্ষা দিবসের মূল আলোচনায়ও সেই তরুণ প্রতিনিধিরা তাদের মূল্যবান অভিজ্ঞতা বিনিময় করবেন, যা শিক্ষাব্যবস্থায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নতুন ধারণা তৈরিতে উৎসাহিত করবে।
রিপোর্টারের নাম 

























