দীর্ঘ প্রায় ছয় দশক ধরে অবহেলিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ অবশেষে নতুন রূপে সেজেছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে এই আধুনিকীকরণ ও সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ২৩ জানুয়ারি, শুক্রবার, জুমার নামাজের পর এক দোয়া মাহফিলের মাধ্যমে সংস্কারকৃত মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দোয়া মাহফিলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ প্রায় ৬৫ বছর ধরে এই মসজিদে কোনো উল্লেখযোগ্য সংস্কার কাজ হয়নি। শিক্ষার্থীদের মৌলিক ধর্মীয় চাহিদা পূরণের গুরুত্ব অনুধাবন করে ডাকসু কেন্দ্রীয় সংসদ মসজিদ সংস্কারের এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করে।
সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে মসজিদে ১১০ টন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) স্থাপন করা হয়েছে। এছাড়াও, পর্যাপ্ত আধুনিক আলোকসজ্জার ব্যবস্থা, দুটি নতুন অজুখানা নির্মাণ, নতুন কার্পেট বিছানো, দেয়াল রঙ করা, নারী শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান সম্প্রসারণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ প্রবেশপথ নির্মাণ করা হয়েছে।
ডাকসু’র নির্বাচিত সদস্য আনাস ইবনে মুনীর এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম এই সংস্কার কার্যক্রমের সমন্বয় করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই মহৎ কাজে আর্থিক সহায়তা প্রদানকারী দাতারা নিজেদের পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন।
এ প্রসঙ্গে ডাকসু’র ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একইসাথে একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্রও। কেন্দ্রীয় জামে মসজিদ শিক্ষার্থীদের ধর্মীয় জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘদিন ধরে অবহেলিত এই মসজিদ সংস্কার করে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সুপরিবেশ নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।”
রিপোর্টারের নাম 

























