ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আয়োজন ‘ফার্স্ট পেট কার্নিভাল’। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই প্রাণি মেলার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ‘কেয়ার ডিইউ’-এর যৌথ উদ্যোগে এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বর্ণাঢ্য কার্নিভাল সম্পন্ন হয়।
ক্যাম্পাসের পোষা প্রাণীর মালিক ও প্রাণিপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে এই আয়োজন ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। মূলত শিক্ষার্থীদের সঙ্গে তাদের প্রিয় পোষা প্রাণীর নিবিড় সম্পর্ক উদযাপন, প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রাণি কল্যাণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কার্নিভালের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির। এতে ডাকসু ভিপি সাদিক কায়েম, এজিএস মুহাম্মদ মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কার্নিভাল উপলক্ষে টিএসসি প্রাঙ্গণ যেন এক ভিন্নধর্মী মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীরা তাদের পোষা বিড়াল, কুকুরসহ বিভিন্ন প্রাণীকে নিয়ে এই উৎসবে যোগ দেন। আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল পেট শো, পেট র্যাম্প ওয়াক, মজার সব গেমস এবং প্রাণীদের আচরণ বিষয়ক বিশেষজ্ঞ সেশন। এছাড়া শিক্ষার্থীদের জন্য পোষা প্রাণীর যত্ন ও লালন-পালন বিষয়ক বিশেষ প্রশিক্ষণমূলক কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়।
আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার ব্যস্ততার মাঝে এমন আয়োজন তাদের মানসিক প্রশান্তি দিয়েছে। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম জাহান তার পোষা বিড়াল ‘মিলু’-কে নিয়ে এসে বলেন, “ক্যাম্পাসে এমন আয়োজন এবারই প্রথম দেখলাম। প্রাণিপ্রেমীদের জন্য এটি একটি দারুণ প্ল্যাটফর্ম।” অন্যদিকে, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আরিফ মাহমুদ জানান, আয়োজনে অংশ নিয়ে তিনি তার পোষা কুকুরের জন্য অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেয়েছেন, যা তার মতো শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক।
কার্নিভালে অংশ নেওয়া প্রতিটি প্রাণীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ভ্যাকসিনেশন ও পরামর্শের ব্যবস্থা করা হয়। এছাড়া প্রাণীদের জন্য পুষ্টিকর খাবার, বিশেষ উপহার, টি-শার্ট ও স্ন্যাকসের ব্যবস্থাও ছিল আয়োজকদের পক্ষ থেকে।
অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “এটি কেবল একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, বরং প্রাণীদের প্রতি মানবিক হওয়ার একটি বার্তা। জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাণীদের প্রতি দায়িত্বশীল হওয়া আমাদের নৈতিক ও মানবিক কর্তব্য। ক্যাম্পাসের প্রতিটি প্রাণীর সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”
আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ ও প্রাণি সচেতনতা ছড়িয়ে দিতে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
রিপোর্টারের নাম 





















