ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এ বছর এই ইউনিটে মোট ৭ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭১২ জন প্রার্থী আবেদন করেছিলেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন শিক্ষার্থী। এর মধ্যে পাসের হার ছিল ৭.২৯ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মানবিক শাখা থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন রয়েছেন। এছাড়া, ৫ জন শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় নিজ নিজ শাখা থেকে প্রথম স্থান অর্জন করেছেন মানবিক শাখার মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখার রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখার মো. আবির আহমেদ রোহান।
উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) বিস্তারিত ফরম এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। বিভিন্ন কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।
এছাড়াও, ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ফি প্রদান সাপেক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবেন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে। এছাড়া, যেকোনো মোবাইল ফোন থেকে DU ALS টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
রিপোর্টারের নাম 





















