২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত এই সময়সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে দেশজুড়ে একযোগে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ২০ মে পর্যন্ত। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে এই বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং পরীক্ষার্থীদের সুবিধার জন্য ঢাকা শিক্ষা বোর্ড ১৪টি জরুরি নির্দেশনা জারি করেছে। পরীক্ষার্থীদের অবশ্যই এই নির্দেশনাগুলো মেনে চলতে হবে:
১. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে নিজ নিজ পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।
৩. প্রথমে বহুনির্বাচনি (MCQ) এবং এরপর সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই অংশের পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না।
৪. প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের নিকট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করবে। কেন্দ্রগুলো ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
৬. পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি এবং ব্যবহারিক – প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল তার নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ভিন্ন কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।
১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
১১. কেন্দ্রসচিব ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।
১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক – সকল পরীক্ষার জন্য পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করা হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. পরীক্ষার ফলাফল প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় পরবর্তীতে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
রিপোর্টারের নাম 





















