সিরাজগঞ্জের কাজীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় ফিরে পাওয়ার কৌশল হিসেবে এক স্কুলছাত্রকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অপহরণের একদিন পর ১০ বছর বয়সী শিশু শিপন মিয়াকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার মূল পরিকল্পনাকারী মোতালেব প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত মোতালেবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মোতালেব শাহজাদপুর উপজেলার নবিপুর গ্রামের বাসিন্দা। অপহৃত শিপন মিয়া ভানুডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং সম্পর্কে মোতালেবের সাবেক স্ত্রীর নিকটাত্মীয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মোতালেবের সঙ্গে তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। স্ত্রীকে পুনরায় নিজের জীবনে ফিরিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করতেই তিনি এই অপহরণের পরিকল্পনা করেন। গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে শিপনকে তুলে নিয়ে যান তিনি। এ ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে মামলা করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
রিপোর্টারের নাম 
























