বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এই বিশাল অঙ্কের দুর্নীতির কারণে হাজার হাজার শিক্ষক বছরের পর বছর তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও টেকসই উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। তিনি আরও বলেন, বিগত সরকার দিবস পালনের নামে হাজার হাজার কোটি টাকা অপচয় করলেও শিক্ষকদের কল্যাণে কোনো নজর দেয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান নির্বাচিত সরকার শিক্ষা, স্বাস্থ্য ও আবাসনসহ প্রতিটি সেক্টরকে ঢেলে সাজানোর কাজ করছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সকল রাজনৈতিক দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য সঠিক ও নির্ভুল পরিসংখ্যান প্রয়োজন এবং বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সেমিনারে সভাপতিত্ব করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমান।
রিপোর্টারের নাম 






















