জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৬৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে লায়ন এ. এম. মুন্না চৌধুরীকে আহ্বায়ক এবং জোবাইরুল আলম মানিককে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আক্তার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর লায়ন এ. এম. মুন্না চৌধুরী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো চট্টগ্রাম দক্ষিণ জেলায় এনসিপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করা। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাব।’
কমিটির সদস্যসচিব জোবাইরুল আলম মানিক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রজন্মকে রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করে চট্টগ্রাম দক্ষিণে এনসিপিকে একটি গণভিত্তিক সংগঠনে রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য। জেলা কমিটির পর পর্যায়ক্রমে উপজেলার কমিটিগুলোও পুনর্গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























