নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে তানিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহাগ মিয়া জুলহাসকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার ভোরে গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি দূরপাল্লার বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই তানিয়াকে হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান সোহাগ। পালানোর আগে তিনি নিহতের খালার কাছে বাসার চাবি দিয়ে জানান যে তানিয়া কর্মস্থলে গেছেন। পরবর্তীতে নিহতের খালা ঘরে ঢুকে মশারির ভেতর তানিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
পিবিআই জানিয়েছে, প্রেম করে বিয়ে করলেও স্থায়ী কাজ না থাকায় তাদের সংসারে অভাব-অনটন লেগেই থাকত। এ নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া ও মারধরের ঘটনা ঘটত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ স্বীকার করেছেন যে, ঝগড়ার একপর্যায়ে তিনি স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং নিহতের স্বর্ণের নাকফুল নিয়ে পালিয়ে যান। পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ঘটনার সাথে অন্য কেউ জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























