সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন জটিলতায় বাতিল হওয়া প্রবাসী বাংলাদেশিদের ভিসা দ্রুত পুনর্বহাল ও নবায়নের দাবি জানিয়েছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ নামের একটি সংগঠন। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহকারী সেক্রেটারি মো. শরিফ জানান, বর্তমানে আরব আমিরাতে কর্মরত অনেক বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বা কারিগরি জটিলতায় বাতিল হয়ে গেছে। এর ফলে বিপুল সংখ্যক প্রবাসী কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে রয়েছেন, যা তাদের পরিবারগুলোকে চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
বক্তারা উল্লেখ করেন, বর্তমান নির্বাচিত সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। ইতোমধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রবাসীদের স্বার্থ রক্ষায় সরকারের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে মো. শহীদুল ইসলাম ও সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























