রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের বিশেষ অভিযানের মুখে ৪০০ বোতল নিষিদ্ধ মাদক ‘এস্কাফ’ ফেলে প্রাইভেটকার নিয়ে পালিয়ে গেছে দুই মাদক কারবারি। সোমবার রাতে গোদাগাড়ী থানাধীন জৈটাবটতলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় মাদকগুলো উদ্ধার করেছে।
পলাতক অভিযুক্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সোনা মসজিদ গ্রামের মো. রুবেল হক এবং একই এলাকার মো. কামিরুল। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের একটি দল জৈটাবটতলা গ্রামের একটি পাকা রাস্তার ওপর অবস্থান নেওয়া সন্দেহভাজনদের ঘেরাও করার চেষ্টা করলে তারা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, মাদক কারবারিরা পালানোর সময় দুটি প্লাস্টিকের বস্তা ফেলে যায়, যার ভেতর থেকে ৪০০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 
























