নোয়াখালীর চাটখিলে ধর্মীয় পরিচয় গোপন করে এক মুসলিম নারীকে প্রতারণার মাধ্যমে বিয়ে করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম শিমুল (২৮), যিনি সুবর্ণচর উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন নরসুন্দর।
ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। শিমুল নিজের প্রকৃত পরিচয় গোপন করে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নিজ এলাকায় নিয়ে আসেন এবং ধর্মীয় ও প্রচলিত আইনের তোয়াক্কা না করে প্রতারণার আশ্রয় নিয়ে বিয়ে করেন।
অভিযোগ উঠেছে, তারা প্রায় নয় মাস স্বামী-স্ত্রী হিসেবে একত্রে বসবাস করেন। পরবর্তীতে শিমুল ওই নারীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে অন্য এক নারীকে বিয়ে করেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
চাটখিল থানা পুলিশ জানায়, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে ঘটনাস্থল লক্ষ্মীপুর জেলার সীমানায় হওয়ায় সেখানে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী নারীকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























