মাঠের বাইরে একের পর এক সমালোচনা। দলের খেলা চলার সময় পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় প্রশ্ন উঠেছিল পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সব সমালোচনার জবাব দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।
আজ (২৬ জুলাই) ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর ম্যাচে শাপকোয়েন্সের মুখোমুখি হয়েছিল সান্তোস। ম্যাচটিতে জয় কিংবা অন্তত ড্র করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের ৩৫তম মিনিটে সতীর্থ বাররেয়ালের সঙ্গে দারুণ ওয়ান-টু পাসে ডি-বক্সের ভেতর থেকে গোল করে সান্তোসকে এগিয়ে দেন নেইমার।
গোলের পর কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে হাত দিয়ে তাস ছড়ানোর ভঙ্গিতে উদযাপন করেন ৩৪ বছরের এই তারকা। একই সঙ্গে ক্যামেরার দিকে হাত তুলে সমালোচকদের উদ্দেশে বার্তা দেন।
বিরতির আগে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় শাপকোয়েন্স। টানা দুই গোল করে তারা ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
ম্যাচের শেষ দিকে সান্তোসের হার প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, এই মুহূর্তে ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার। তার দ্বিতীয় গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।
সম্প্রতি ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ম্যাচ চলাকালে একটি অভিজাত পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ নিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, সকালে অনুশীলন শেষ করেই সেখানে গিয়েছিলাম। ছুটির দিনে আমি কী করব, তা নিয়ে ট্রল বন্ধ করুন। নিজের কাজে মন দেন।
রিপোর্টারের নাম 

























