সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইন অনুযায়ী তিনি বিশেষ সুবিধাভোগী হিসেবে বিবেচিত, তাই তার বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়। রোববার দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও বিরোধী পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করা হচ্ছে। তাদের কথা বলার এবং প্রতিবাদ করার স্বাধীনতা রয়েছে। তবে এসব অভিযোগের মধ্যে সরকার আমলে নেওয়ার মতো কোনো বিষয় খুঁজে পায়নি।
মন্ত্রী আরও উল্লেখ করেন, মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে, স্বৈরাচারের শেষ পর্যায় থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান রাজনৈতিক সরকারের প্রায় পাঁচ-ছয় মাস পর্যন্ত সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি কোনো বিধিবহির্ভূত কাজ করেননি এবং সরকার তার সহযোগিতা পেয়েছে।
সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিদেশে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন খবর কেবল কিছু পত্রিকায় দেখা গেছে। এর সত্যতা বা তথ্য-প্রমাণ সংশ্লিষ্ট পত্রিকার কাছেই জানতে হবে। সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তিনি আরও যুক্ত করেন, বর্তমান ইন্টারনেটের যুগে কথা বলার জন্য লন্ডন যাওয়ার বিষয়টি অলীক মনে হয়, কারণ যেকোনো স্থান থেকেই কথা বলা সম্ভব।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি কোনো অভিযোগ থেকে থাকে বা রেকর্ড করা হয়ে থাকে, তবে তা তখনকার বিধিবিধান ও আইন অনুযায়ী চলবে।
রিপোর্টারের নাম 



















