জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকার ৪ নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৫ জুন আসামিদের অনুপস্থিতির কারণে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারক চার্জ গঠন শুনানি পেছানোর আদেশ দিয়েছিলেন। মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন পেশায় ট্রাকচালক মো. হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ আরও অনেকে। এদের মধ্যে পলক, সাদেক, ফুরকান ও শাহজাহানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
রিপোর্টারের নাম 




















