জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর মার্শাল আর্ট ইভেন্টে বান্দরবানের লামা উপজেলার ‘মহামুনি শিশু সদন’র তিন শিক্ষার্থী চট্টগ্রাম অঞ্চল থেকে অসাধারণ সাফল্য অর্জন করেছে। শনিবার (২৫ জুলাই) ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তারা একটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি তাম্রপদক জিতেছেন।
‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর আয়োজিত এ প্রতিযোগিতায় জুডো (-৪৫ কেজি) ইভেন্টে চট্টগ্রাম অঞ্চলের একমাত্র স্বর্ণপদক জয় করেন মহামুনি শিশু সদনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইয়োংপাও ম্রো। একই সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ক্লাময়া ম্রো রৌপ্যপদক এবং জুডো (+৪৫ কেজি) বিভাগে নবম শ্রেণির শিক্ষার্থী রেংচুং ম্রো তাম্রপদক অর্জন করেন।
প্রতিযোগিতায় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মহামুনি শিশু সদনের সহকারী পরিচালক ও স্বর্ণপদকজয়ী জউপ্রু মার্মা। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করা হয়।
মহামুনি শিশু সদনের পরিচালক চিং মং মার্মা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ফলেই এই সাফল্যের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতেও তারা আরও বড় অর্জন এনে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন এই গৌরবোজ্জ্বল অর্জনকে লামা উপজেলা তথা সমগ্র বান্দরবান জেলার জন্য গর্বের বলে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে, আগামী দিনেও তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশ ও জেলার সম্মান আরও উজ্জ্বল করবে।
রিপোর্টারের নাম 



















