দেশের তৃণমূল পর্যায়ে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে গ্রামীণ ব্যাংক এবার ক্যাশলেস ডিজিটাল যুগে প্রবেশ করছে। এই মহৎ উদ্যোগের অংশ হিসেবে গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেডের সঙ্গে যৌথভাবে একটি সমন্বিত ক্যাশলেস ডিজিটাল সেবা চালু করা হয়েছে। রোববার গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘জিপে’ এক্সপেরিয়েন্স বুথ উদ্বোধনের মাধ্যমে এই যৌথ উদ্যোগের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. আবদুল হান্নান চৌধুরী, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোঃ আশরাফুল হাসান, গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, সমাধান সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী, গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান, এ কে এম সাজ্জাদ হোসেন ও মোঃ রেজাউল করিম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. আবদুল হান্নান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘তৃণমূল পর্যায়ে নগদ টাকা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করার জন্য ডিজিটাল লেনদেন ব্যবস্থার কোনো বিকল্প নেই। গ্রামীণ ব্যাংক তার ৫০ বছরের পথচলায় যে মাইলফলক অর্জন করেছে, আগামী ৫০ বছরে বিশ্বব্যাপী অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তিগত রূপান্তর অপরিহার্য।’
গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোঃ আশরাফুল হাসান বলেন, ‘ক্ষুদ্রঋণ খাতের বাস্তবতাকে মাথায় রেখে সর্বোচ্চ সাইবার সুরক্ষা ও প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এর ফলে গ্রামীণ ব্যাংকের সদস্যরা ঘরে বসেই সহজে এবং সম্পূর্ণ নিরাপদে তাঁদের কিস্তি ও সঞ্চয়ের টাকা লেনদেন করতে পারবেন।’
গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা উল্লেখ করেন, ‘গ্রামীণ ব্যাংককে ডিজিটাল করার জন্য অতীতে অনেক উদ্যোগ নেওয়া হলেও, প্রকৃত অর্থে ক্যাশলেস সেবা এবারই প্রথম বাস্তবায়িত হতে যাচ্ছে।’
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, ‘সমাধান সার্ভিসেস লিমিটেডের ‘জিপে’ অ্যাপের মাধ্যমে আমাদের কিস্তি ও আমানত সংগ্রহ কার্যক্রমকে ক্যাশলেস করা হচ্ছে। অ্যাপটি বর্তমানে প্লে-স্টোরে উপলব্ধ রয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা তাঁদের লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন ও যাচাই করতে পারবেন।’
সমাধান সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী জানান, ‘অ্যাপটির ব্যবহার সহজলভ্য করতে আমরা ২৪/৭ সহায়তা প্রদান করছি।’
রিপোর্টারের নাম 



















