বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক পারফরম্যান্স, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের গুঞ্জন এবং পোকার খেলা নিয়ে তীব্র সমালোচনা—সব মিলিয়ে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তবে সব জল্পনা-কল্পনার জবাব যেন তিনি মাঠেই দিলেন। নিজের ক্লাব সান্তোসের হয়ে ব্রাজিলেইরো সিরি ‘এ’-তে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে এক অসাধারণ ম্যাচে জোড়া গোল করে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেছেন তিনি। ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে।
রোববার অনুষ্ঠিত এই ম্যাচে নেইমার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে সক্রিয় ছিলেন। বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে মোট ৩৫ মিনিট খেলার সুযোগ পাওয়া এই তারকা ক্লাব ফুটবলে পুরো ৯০ মিনিট খেলেই নিজের পুরনো ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ম্যাচের ৩৬তম মিনিটে সতীর্থের সঙ্গে দারুণ ওয়ান-টু পাসের পর প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে আলতো শটে গোল করেন নেইমার। গোলের পর তার উদযাপনও ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ; সম্প্রতি তাকে ঘিরে তৈরি হওয়া পোকার বিতর্কের ইঙ্গিত দিয়ে তিনি পোকার খেলার ভঙ্গিতে উদযাপন করেন।
তবে প্রথমার্ধের এই গোল খেয়ে বিরতির পর ঘুরে দাঁড়ায় চ্যাপেকোয়েন্স। তারা ৫১তম ও ৬২তম মিনিটে দুটি গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচে হারার শঙ্কা দেখা দিলে শেষ মুহূর্তে সান্তোস একটি পেনাল্টি পায়। ম্যাচের ৮৯তম মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে হার থেকে রক্ষা করেন নেইমার।
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর থেকেই নেইমারকে ঘিরে বিতর্ক থামছে না। চোট কাটিয়ে দলে ফিরলেও কোচ কার্লো আনচেলত্তির অধীনে তিনি মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে খেলতে পেরেছিলেন। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের হারে ব্রাজিল বিদায় নেয়, যেখানে দলের একমাত্র গোলটি এসেছিল নেইমারের পেনাল্টি থেকে। বিশ্বকাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি তার ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে জল্পনার জন্ম দেয়। এরপর নিউইয়র্কে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেন তিনি এবং দেশে ফিরে সাও পাওলোতে আরেকটি পোকার প্রতিযোগিতায় যোগ দেওয়ায় তার সমালোচনা আরও তীব্র হয়।
সমালোচকদের জবাব হিসেবে সম্প্রতি নেইমার বলেন, ‘আমি এখানে দ্বিতীয় অনুশীলন সেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন শুনলাম সবাই আমার পোকার খেলা নিয়ে কথা বলছে। সকালে আমি অনুশীলন করেছি, তারপর আমার ছুটির সময়টুকু উপভোগ করেছি। মানুষ তো কথা বলবেই। আমি শুধু অনুশীলনে মন দিতে চাই। আমি কি অনুশীলন করতে পারব, নাকি সবাই এভাবেই আমার পেছনে লেগে থাকবে? নিজেদের জীবন নিয়ে ভালো থাকার চেষ্টা করছি।’
রিপোর্টারের নাম 
























