কাজাখস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ প্রণালীর বর্তমান সংকট এবং আঞ্চলিক নিরাপত্তাহীনতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি মন্তব্য করেন যে, চুক্তি লঙ্ঘন করে ইরানকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে বাধা দেওয়ার কারণেই এই উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে আব্বাস আরাগচি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের চালানো ‘বর্বর হামলা’ এবং তাদের সংঘটিত ‘যুদ্ধাপরাধের’ তীব্র নিন্দা জানান। তিনি আরও স্পষ্ট করেন যে, হরমুজ প্রণালী এবং পুরো অঞ্চলে বর্তমান যে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, তার একমাত্র কারণ যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘন। মার্কিন প্রশাসন ইসলামাবাদ চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী ইরান যেন নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারে, সে কাজে বাধা সৃষ্টি করেছে।
বৈঠকে আব্বাস আরাগচি আরও বলেন, মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ইরান সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কে শক্তির অপব্যবহার বা সামরিক বলপ্রয়োগকে স্বাভাবিক নিয়ম হিসেবে মেনে না নেওয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 
























