মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। শনিবার সকাল ৭টা ৫০মিনিট থেকে দুপুর ১টা ৫০মিনিট পর্যন্ত বেতকা বাজার ও ছটফটিয়া এলাকার খাল এবং ধলেশ্বরী শাখা নদীর তীরে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেতকা ব্রিজ থেকে প্রায় ১ কিলোমিটারের মধ্যে ফসলি জমির মাটি কেটে ট্রলারে বোঝাই করছিলেন অভিযুক্তরা। এ সময় মাটিবোঝাই ট্রলার ও মাটি কাটার সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদেরকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ জানান, ফসলি জমি রক্ষা এবং অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 






















