চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। জেলা প্রশাসনের অধীনে আয়োজিত এই কর্মসূচি শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এরপর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। সরকারি ভবনগুলোর ছাদ, আঙিনা, ড্রেন, বাগান এবং চারপাশের জমে থাকা প্লাস্টিক বর্জ্য, পরিত্যক্ত পাত্র ও স্থির পানি অপসারণ করা হয়।
ইউএনও মো. ফখরুল ইসলাম জানান, এই কর্মসূচি শুধু একদিনের জন্য নয়, বরং এটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হবে। সরকারি দপ্তরগুলোর আঙিনা ও ছাদ নিয়মিত পরিষ্কার রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও এই অভিযান সম্প্রসারণ করা হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে সীতাকুণ্ডকে পরিচ্ছন্ন, এডিসমুক্ত ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম, আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ, পরিসংখ্যান কর্মকর্তা মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 





















