চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৪) এবং মো. মহসিন (৩৩)। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ডিবির একটি দল কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। প্রতিকূল পরিবেশ ও সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে পরিচালিত এই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের নিচ থেকে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা, একটি লোহা কাটার যন্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে একই ইউনিয়নের ছাতিভাঙ্গা এলাকার আফছারের গাছবাগানে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে ডিবি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। পুলিশ সুপার মো. মাসুদ আলম সংবাদ সম্মেলনে বলেন, অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য সহযোগী, অস্ত্রের উৎস ও সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্তে তদন্ত ও অভিযান চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 



















