দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ জন ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বর্ডার আউটপোস্টের (বিওপি) আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এই ঘটনা ঘটে।
ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম জানান, ভোরের আলো ফোটার আগেই ভারতের শ্রীরামপুর এলাকা থেকে একজন হিজড়া ও আট নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল বিএসএফ। বিজিবি সদস্য এবং স্থানীয় গ্রামবাসী তাৎক্ষণিকভাবে তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এই ঘটনার পর সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়ানো হলে সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিজিবি। শেষ পর্যন্ত পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই ৯ জন ভারতীয় নাগরিক সীমান্তে ফিরে যায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভোরের দিকে বিজিবির বাঁশির শব্দ শুনে তারা ঘুম থেকে উঠে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখেন। এরপর গ্রামবাসী ও বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেন। স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলীও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে বিজিবি ও স্থানীয়দের বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়। সীমান্ত দিয়ে যাতে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার টি. আলম।
রিপোর্টারের নাম 





















