ইউরোপের দুই দেশ স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুতর অবনতি হওয়ায় স্পেন ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই সময়ে, দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আবেদন জানিয়েছে।
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে তিনটি পৃথক দাবানল একত্রিত হয়ে এক বিশাল অগ্নিকাণ্ডে রূপ নিয়েছে, যা নিয়ন্ত্রণে দমকলকর্মীরা হিমশিম খাচ্ছেন। দেশটিতে প্রায় ৬৩ হাজার মানুষকে এলাকা ছাড়তে অথবা নিজ নিজ ঘরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াঁজ আয়ুসো এই ঘটনাকে এই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, তীব্র তাপপ্রবাহ, প্রবল বাতাস এবং একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে।
স্পেনের জরুরি ব্যবস্থাপনা প্রধান কার্লোস নোভিলো জানিয়েছেন, আগুনের তীব্রতা এতটাই বেশি যে অনেক এলাকায় সরাসরি দমকল অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তাই ক্ষয়ক্ষতি কমাতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগুনের বিস্তার রোধে সামরিক জরুরি ইউনিট (ইউএমই) মোতায়েন করা হয়েছে। আভিলা প্রদেশের বুরগোহোন্দো এলাকাতেও আরেকটি বড় দাবানল জ্বলছে। কর্তৃপক্ষের আশঙ্কা, দুটি দাবানল একত্রিত হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাদ্রিদ অঞ্চলে অন্তত ৬ হাজার হেক্টর এবং আভিলা প্রদেশে প্রায় ৯ হাজার হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। আটটি পৌরসভা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও কয়েকটি এলাকায় লকডাউন জারি করা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের ঘোষণা দিয়েছেন এবং নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের জিরন্দ ও লঁদ অঞ্চলেও দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জিরন্দ অঞ্চলে ১৯ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে। অত্যন্ত জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাপ ফেরে উপদ্বীপও সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ ন্যুনেজ জানিয়েছেন, দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে বোর্দো শহরের দিকে অগ্রসর হচ্ছে।
রিপোর্টারের নাম 























