গত চার দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক কেরাত ও হেফজ প্রতিযোগিতায় বাংলাদেশের ক্বারী ও হাফেজরা বিশ্বমঞ্চে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। আল-কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের তথ্যমতে, ১৯৮০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় এ পর্যন্ত দেশের ৩৭ জন ক্বারী ও হাফেজ মোট ১৮০টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।
এই সাফল্যের ধারার সূচনা হয় ১৯৮১ সালে, যখন ক্বারী হাফেজ আ. হক লিবিয়া আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেন। এরপর ১৯৮২ সালে ক্বারী গোলাম মোস্তফা সৌদি আরবে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে দেশের জন্য দ্বিতীয় সুনাম বয়ে আনেন। তিনি পরবর্তীতে ভারতসহ বিভিন্ন দেশে একাধিকবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের গৌরব অর্জন করেন। বাংলাদেশের বহু প্রতিভাবান ক্বারী ও হাফেজ আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষস্থান অধিকার করে দেশের মুখ উজ্জ্বল করেছেন।
আল-কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব মাওলানা ক্বারী গোলাম মোস্তফা সরকারের প্রতি কয়েকটি দাবি তুলে ধরেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানের কেরাত ও হেফজ প্রতিযোগিতা বাংলাদেশে সরকারি উদ্যোগে নিয়মিত আয়োজন করা গেলে দেশের আরও বহু প্রতিভাবান ক্বারী ও হাফেজ আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারবেন।
একই সঙ্গে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা ও সম্মাননা প্রদানের আহ্বান জানান। তার মতে, এ ধরনের স্বীকৃতি দেশের তরুণ প্রজন্মকে কোরআনের শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে সহায়তা করবে।
রিপোর্টারের নাম 

























