অদম্য মেধা আর ধর্মীয় অনুরাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার লাকসামের কিশোরী সুরাইয়া জান্নাত। মাত্র ১৮ বছর বয়সে নিজের হাতে সম্পূর্ণ ৩০ পারা পবিত্র কুরআন লিখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সুরাইয়া উপজেলার মুদাফরগঞ্জ এ.ইউ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার হাতের লেখার নিপুণতা ও সৌন্দর্য এতটাই মুগ্ধকর যে, প্রথম দেখায় একে ছাপানো কোনো কুরআন শরিফ বলে মনে হয়।
সুরাইয়া জান্নাতের এই বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে। কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকারের উপপরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ তার হাতে এই সম্মাননা তুলে দেন। সুরাইয়া কুমিল্লার চাদঁগাঁও গ্রামের সৌদি প্রবাসী নুর হোসেন লিটনের মেয়ে।
নিজের এই উদ্যোগ সম্পর্কে সুরাইয়া জানান, সাহাবায়ে কেরাম যেভাবে কুরআন সংরক্ষণ করেছিলেন, সেখান থেকেই তিনি প্রেরণা পেয়েছেন। ২০২৫ সালের জানুয়ারি মাসে লেখা শুরু করে আগস্টের মধ্যেই তিনি পুরো কাজ শেষ করেন। প্রতিদিনের পড়াশোনা ও মাদ্রাসার ক্লাসের ফাঁকে অবসর সময়টুকু তিনি এই পবিত্র কাজে ব্যয় করতেন। পুরো কুরআন লিখতে তার মোট ৬১১টি পৃষ্ঠা এবং ৫৫টি কলম প্রয়োজন হয়েছে। প্রতিটি পাতা লেখার আগে তিনি অজু করে দরূদ শরিফ পাঠের মাধ্যমে কাজে মনোনিবেশ করতেন। তার এই অর্জন তরুণ প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।
রিপোর্টারের নাম 
























