সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই ঘটনার নিন্দা জানান।
বিবৃতিতে খেলাফত মজলিসের নেতারা বলেন, তারা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল হিসেবে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণকে ‘জুলাইয়ের বিরুদ্ধে হুমকি’ হিসেবে দেখছেন। তাদের মতে, যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের পক্ষেই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো সম্ভব। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং ইন্ধনদাতাসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একইসাথে, আহতদের সুচিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
খেলাফত মজলিসের নেতারা আরও উল্লেখ করেন, এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা আবারও স্পষ্ট হয়েছে। তারা সরকারের প্রতি ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, যেকোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এই দায়িত্ব অবহেলাকারীদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া, ‘জুলাইয়ের বিরুদ্ধে উস্কানিমূলক বয়ান উৎপাদনকারীদের’ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।
রিপোর্টারের নাম 

























