পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকার সাভারে মাসব্যাপী বিশেষ বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এই প্রকল্পের আওতায় দেশব্যাপী ৫ লাখ গাছ লাগানো এবং ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে শিশুদের পরিবেশ সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ রক্ষায় সামাজিক বনায়ন বৃদ্ধিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























