বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশবান্ধব ও টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর মধ্যে সহযোগিতা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি গুলশান নগরভবনে ডিএনসিসি’র প্রশাসক শফিকুল ইসলাম খানের সঙ্গে জাইকা বাংলাদেশ অফিসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে নগর উন্নয়ন ও সেবার মানোন্নয়নে জাইকার অব্যাহত সহযোগিতার জন্য ডিএনসিসি’র পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মতবিনিময় সভায় ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাইকা প্রতিনিধিদল ডিএনসিসি’র গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ডিএনসিসি প্রশাসক জাইকা প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো কে তার সফরের জন্য ধন্যবাদ জানান।
আলোচনায় বাংলাদেশে, বিশেষ করে ঢাকার নগর উন্নয়নে জাইকার দীর্ঘদিনের অবদান, কারিগরি সহযোগিতা, সক্ষমতা উন্নয়ন, পরিবেশবান্ধব ও টেকসই নগর ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশ সংরক্ষণ, নাগরিক সেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এছাড়াও ‘ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান (২০১৮-৩২)’ এবং ‘প্রজেক্ট ফর ওয়েশ্ট রিডাকশনএন্ড সাপোর্ট ফর বিল্ডিং এ সাসটেইনাবেল সোসাইটি’ প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বর্জ্য হ্রাস, অবৈধ বর্জ্য ফেলার স্থান নিয়ন্ত্রণ, সম্পদ পুনরুদ্ধার, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষ মত বিনিময় করে।
জাইকা প্রতিনিধিদল নতুন প্রযুক্তি সরবরাহ, ওয়ার্কশপ নির্মাণ, নতুন ল্যান্ডফিল নির্মাণে কারিগরি সহযোগিতা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করে।
রিপোর্টারের নাম 


















