বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, প্রাবন্ধিক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পর্যায়ক্রমে তার মরদেহ রাখা হলে সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সকালে প্রথমে তার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর একাডেমির মহাপরিচালক ও সহকর্মীরা শ্রদ্ধা জানান। এরপর বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। সেখানে উপাচার্যসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বরেণ্য এই শিক্ষাবিদের কফিনে শেষ শ্রদ্ধা জানান।
বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, গত রবিবার ৮৬ বছর বয়সে আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে দেশের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 





















