সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে আব্দুল লতিফ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল লতিফ পাবনা জেলার আমিনপুর থানার ট্যাং বাড়ি গ্রামের খোরশেদ আলীর ছেলে। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ রুপসি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় যাত্রী আব্দুল লতিফের ব্যাগ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় প্রদান করেন।
রিপোর্টারের নাম 






















