স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে কাস্তেয়োন অঞ্চলের প্রায় ১৫০ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ভয়াবহতা বাড়ায় এবং লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রায় ৫০০ বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্প্যানিশ কর্তৃপক্ষ ১২টি বিশেষ অগ্নিনির্বাপক উড়োজাহাজ মোতায়েন করেছে। তবে শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। স্পেনের অন্যান্য অঞ্চলেও ছোট-বড় বেশ কিছু দাবানলের খবর পাওয়া গেছে, যা নিয়ন্ত্রণে আনতে কয়েক হাজার কর্মী কাজ করে যাচ্ছেন।
কাতালোনিয়া অঞ্চলে দাবানলে ইতোমধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যা দাবানল পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। দেশটির জরুরি সেবা বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
রিপোর্টারের নাম 























