বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-র জনসংযোগ কর্মকর্তা জিনাত জোয়ার্দার রিপাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে রোববার এক চিঠির মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘন এবং জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি অসম্মান প্রদর্শনের দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া এবং সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। বরখাস্তকালীন তাকে ক্যাম্পাসে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে এবং দাপ্তরিক সকল সরঞ্জাম জমা দিতে বলা হয়েছে।
এর আগে, অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে মিরপুরের রূপনগরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, জিনাত জোয়ার্দার রিপা তার ফেসবুক পোস্টে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিশুদের ওপর হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাকে ব্যঙ্গ করেছেন। শহীদদের রক্ত নিয়ে এমন উপহাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
রিপোর্টারের নাম 

























