রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অত্যন্ত আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে ‘শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’ এর পর্দা উঠেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন জুলাই বিপ্লবের অন্যতম শহিদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি শহিদ আবু সাঈদকে ‘জাতীয় বীর’ হিসেবে অভিহিত করে বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীরদের আত্মত্যাগ ও চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে অমলিন রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর। উপাচার্য ঘোষণা দেন যে, ইউজিসির প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ‘আবু সাঈদ গেট’ নির্মাণের দরপত্র ইতোমধ্যে আহ্বান করা হয়েছে এবং খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। এছাড়া নির্মাণাধীন চারটি আবাসিক হলের একটির নাম ‘শহিদ আবু সাঈদ হল’ রাখা হবে বলেও তিনি জানান।
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ও টুর্নামেন্টের আহ্বায়ক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। এ সময় শহিদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও বকুল মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারের টুর্নামেন্টে ছেলেদের ২২টি এবং মেয়েদের ৪টি বিভাগ অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং মার্কেটিং বিভাগ একে অপরের মোকাবিলা করে।
রিপোর্টারের নাম 
























