চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু এলাকাবাসীর কোনো কাজে আসছে না। নির্মাণের এক দশক পার হলেও সেতুর দুপাশে সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০১৫-১৬ অর্থবছরে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে স্থানীয়রা নিজেদের উদ্যোগে বালুর বস্তা ফেলে কোনোমতে চলাচলের ব্যবস্থা করেছেন।
সেতুর সংযোগ সড়ক ছাড়াও এলাকার তিনটি প্রধান সড়ক দীর্ঘ ৩০ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। এর ফলে ওই এলাকার দুই শতাধিক পরিবার চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে পশ্চিম সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় মাদরাসাগুলোর শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। রাস্তার বেহাল দশার কারণে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়া কিংবা জানাজার পর লাশ কবরস্থানে নিয়ে যাওয়াও দুঃসাধ্য হয়ে পড়েছে।
সম্প্রতি স্থানীয় বাসিন্দারা এই জনদুর্ভোগ লাঘবে এবং সড়ক সংস্কারের দাবিতে সংসদ সদস্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, সড়কগুলোর গুরুত্ব বিবেচনা করে পর্যায়ক্রমে সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এলাকাবাসী দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান ও চলাচলের উপযোগী রাস্তার দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























