সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই জাফলং আমির মিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। রোববার দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলো—উপজেলার নয়াবস্তি গ্রামের সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের রায়হান আহমেদ (১৬) এবং লাখেরপাড় গ্রামের জয় (১৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ করে তিন বন্ধু মিলে মোটরসাইকেলে করে জাফলং চা-বাগান এলাকায় ঘুরতে গিয়েছিল। ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রায়হান ও জয়কে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 






















