ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলবদের খুঁজে বের করে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেয়ি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই অপরাধের সঙ্গে জড়িত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নেতাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না এবং তাদের অবশ্যই উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে।
তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জীবন ও আদর্শ নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন। এজেয়ি বলেন, ইরানি জনগণ দীর্ঘ চার মাস ধরে তাদের প্রিয় নেতার জন্য শোক পালন করছে এবং এই অন্যায়ের প্রতিশোধ নিতে সংকল্পবদ্ধ। ইরানি জাতির ওপর চাপিয়ে দেওয়া এই ক্ষতির জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের প্রতিশ্রুতিও দেন তিনি।
ইরানের প্রধান বিচারপতি আরও উল্লেখ করেন যে, মার্কিন ও ইসরায়েলি পক্ষকে তাদের অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে। জেনেভা কনভেনশনসহ আন্তর্জাতিক আইনের বিভিন্ন ধারা অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করার সুস্পষ্ট বিধান রয়েছে। ইরান তার শক্তি ও দৃঢ়তা দিয়ে প্রতিরোধ অক্ষকে আরও শক্তিশালী করবে এবং যেকোনো নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন দিয়ে যাবে। এছাড়া প্রতিবেশী দেশগুলোর প্রতি সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, ইরান সব সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে যতক্ষণ না কেউ শত্রুর পক্ষে কাজ করে।
রিপোর্টারের নাম 























