যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই দেশজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ ও বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নাগরিকরা। প্রচণ্ড গরমে দেশটির মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে অন্তত ৮ লাখ ৪২ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাওয়ারআউটেজ ওয়েবসাইটের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, রেকর্ডভাঙা তাপমাত্রায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
তীব্র তাপমাত্রার কারণে দেশটির ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর নির্ধারিত বেশ কিছু অনুষ্ঠান বাতিল বা স্থগিত করতে হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে পূর্বনির্ধারিত কুচকাওয়াজ বাতিল করা হয় এবং তাপজনিত অসুস্থতায় অনেকে আক্রান্ত হওয়ায় ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এছাড়া অতিরিক্ত গরমের কারণে নিরাপত্তা নিশ্চিতে বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল বাতিল করেছে জাতীয় রেলসেবা প্রতিষ্ঠান অ্যামট্র্যাক।
আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার দেশটির পূর্ব উপকূল ও মধ্য-পশ্চিমাঞ্চলের প্রায় সাড়ে ১৬ কোটি মানুষ চরম তাপপ্রবাহের কবলে ছিলেন। নিউইয়র্ক, পেনসিলভানিয়া ও নিউ জার্সির মতো রাজ্যগুলোর বেশ কিছু শহরে তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে, যা ওই অঞ্চলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
রিপোর্টারের নাম 
























