খুলনার দৌলতপুরে এনা পরিবহনের একটি কাউন্টারের বাথরুম থেকে ইমন (২০) নামের এক কলেজছাত্রকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে কাউন্টারের ক্যাশ বাক্স থেকে টাকা লুটের অভিযোগ উঠলেও এটি পরিকল্পিত হামলা নাকি অন্য কিছু, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
রোববার সন্ধ্যায় নগরীর নতুন রাস্তার মোড় এলাকায় এনা পরিবহনের কাউন্টারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত ইমন বিএল কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র এবং দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা। স্বজনরা জানিয়েছেন, ওই দিনই তিনি ওই কাউন্টারে খণ্ডকালীন কর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের সময় কাউন্টারের অন্য কর্মীরা বাইরে গেলে ইমন একাই দায়িত্বে ছিলেন। কিছুক্ষণ পর সহকর্মীরা ফিরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাথরুমের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইমনের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। দৌলতপুর থানা পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
রিপোর্টারের নাম 























