ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইতালির ঘাঁটি থেকে বিমান উড্ডয়নের যে দাবি ন্যাটো মহাসচিব করেছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইতালি ইরানের সাথে কোনো ধরনের সরাসরি যুদ্ধে জড়ায়নি। দেশটির সামরিক ঘাঁটিগুলো শুধুমাত্র লজিস্টিক বা রসদ সরবরাহের কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল, কোনো হামলার জন্য নয়।
সম্প্রতি ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের ‘এপিক ফিউরি’ অভিযানে ইতালির ঘাঁটি ব্যবহার করে প্রায় ৫০০টি মার্কিন যুদ্ধবিমান উড়েছে। তবে মেলোনি এই দাবিকে ‘অতিরঞ্জিত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ন্যাটো মহাসচিব সম্ভবত বিভিন্ন ধরনের ফ্লাইটের মধ্যে পার্থক্য করতে ভুল করেছেন। যদি ইতালি সরাসরি এই অভিযানে অংশ নিত, তবে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে ইতালির সমর্থন না পাওয়ার আক্ষেপ করার কোনো সুযোগ থাকত না।
এদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে জানিয়েছেন, কোনো রাষ্ট্র যদি অন্য দেশের ওপর হামলার জন্য তৃতীয় কোনো রাষ্ট্রকে ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তবে সেটি আগ্রাসন হিসেবে গণ্য হতে পারে। এই পাল্টাপাল্টি বক্তব্যের ফলে ইরান ইস্যুতে ইতালি ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 
























