চাঁদপুরের শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার খিলা বাজারে সংগঠিত এই সংঘর্ষে অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয় এবং এতে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের প্রসাধনী ব্যবসায়ী টিটু ও ফারুক হোসেনের মধ্যে কথা কাটাকাটির জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে নোমান নকশা হাউস, জনতা ফার্মেসি, মাস্টার টেলিকম ও ফয়েজের হোটেলসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ভাঙচুরের পাশাপাশি দোকান থেকে মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ইউপি সদস্য ফারুক হোসেনের ছেলে ফাহিম হোসেনসহ বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























