রাজধানীর মিরপুরে ডেসকোর মোবাইল কোর্ট কর্তৃক বিহারিদের নামে ‘মনগড়া’ মামলা ও জরিমানা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএস)। সম্প্রতি পল্লবীর তালাব বিহারী ক্যাম্পের পাঁচজনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় ২৮ লাখ টাকা জরিমানা করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা ডেসকোর আদালতকে পুরান ঢাকার আদালত পাড়ায় স্থানান্তরের দাবি জানিয়েছেন।
বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১ নম্বরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ডেসকোর পল্লবী জোনাল অফিসের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মিটার থাকার পরও হুকিংয়ের মিথ্যা অভিযোগ এনে নিরীহ ক্যাম্পবাসীদের হয়রানি করা হচ্ছে। তারা মনে করেন, ভূমিদস্যুদের স্বার্থ হাসিল করতে এবং বিহারিদের উচ্ছেদ করতেই পরিকল্পিতভাবে এসব মামলা দেওয়া হচ্ছে।
ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব নেয়াজ আহমদ খান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেসকোর এই কার্যক্রমকে ‘মোবাইল কোর্ট ব্যবসা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ডেসকোর বর্তমান আদালত ব্যবস্থায় বিচারপ্রার্থীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। সমাবেশ থেকে ডেসকো আদালত স্থানান্তরসহ ১০ দফা দাবি সরকারের কাছে পেশ করা হয়।
রিপোর্টারের নাম 




















