আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ নৌ-মহড়া ও টহল পরিচালনার ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়া। চলতি মাসেই ‘জয়েন্ট সি-২০২৬’ শিরোনামে এই মহড়াটি চীনের পূর্ব উপকূলীয় চিংদাও জলসীমায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে জানানো হয়েছে, মহড়া শেষে দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের কৌশলগত এলাকাগুলোতে যৌথ টহল দেবে। যদিও এই মহড়ায় ঠিক কতটি যুদ্ধজাহাজ বা সেনাসদস্য অংশ নেবে, তা প্রকাশ করা হয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক চীন সফরের পর এই সামরিক সহযোগিতা দুই দেশের ‘অটুট’ বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে নিয়মিতভাবে এই যৌথ মহড়া চালিয়ে আসছে মস্কো ও বেইজিং। পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এই অংশীদারত্বকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদিও ইউক্রেন ইস্যুতে চীন নিজেকে নিরপেক্ষ দাবি করে আসছে, তবে রাশিয়ার সঙ্গে তাদের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিচ্ছে।
রিপোর্টারের নাম 

























