রংপুর মহানগরীর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে একটি নতুন আরসিসি (ঢালাই) সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় এই উন্নয়ন কাজ হাতে নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন। রোববার নগরীর বাবুখা ধনির মোড় এলাকায় ৪০৮ মিটার দীর্ঘ এই সড়কটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সড়কটির পাকাকরণ কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর করা এবং একটি টেকসই ও আধুনিক নগর অবকাঠামো গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। কোভিড-১৯ পরবর্তী সময়ে জনগণের জীবনমান উন্নয়ন ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এই প্রকল্পগুলো বিশেষ ভূমিকা রাখছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ৫৮ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকল্পটি শেষ হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























