করদাতাদের সঙ্গে এক শ্রেণির প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে, যারা কর নথি অডিটের ভয় দেখিয়ে বা অডিট থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এ বিষয়ে করদাতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
রোববার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। এনবিআর করদাতাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারী করদাতার কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। অডিটের জন্য ফাইল নির্বাচিত হলে আইনানুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে তা করদাতাকে জানানো হয়।
আর্থিক লেনদেনের ক্ষেত্রেও এনবিআর কঠোর সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছে। কর সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি করদাতার কাছ থেকে ব্যক্তিগতভাবে, বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।
এমন কোনো সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা (SMS) বা ইমেইল পেলে বিভ্রান্ত না হয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করতে বলা হয়েছে।
যদি কোনো প্রতারক চক্র এনবিআর-এর কর্মকর্তা সেজে অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে (পুলিশ) অবহিত করতে এবং প্রতারকের ফোন নম্বরটি সংরক্ষণ করতে অনুরোধ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানে বদ্ধপরিকর এবং কোনো অবস্থাতেই এই ধরনের প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোনো আর্থিক লেনদেন না করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে।
রিপোর্টারের নাম 






















