খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে ‘জুলাই’ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় নুরুল আলম রনি নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে জেলা শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রনি খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে মাস্ক পরিহিত এক ব্যক্তি প্লাস্টিকের বোতল থেকে দাহ্য পদার্থ ছিটিয়ে স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত অভিযানে নামে। বৃষ্টির কারণে এবং স্মৃতিস্তম্ভটি লোহার কাঠামোর হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত নাশকতামূলক কর্মকাণ্ড। এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কলেজের শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন।
রিপোর্টারের নাম 






















