রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত ব্যবসায়ীদের মিছিলে সন্ত্রাসী-চাঁদাবাজদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সেলিম উদ্দিন অভিযোগ করেন, সরকারের রহস্যজনক নীরবতা ও উদাসীনতার কারণেই দেশ এখন চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, এই অপতৎপরতার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, যারা নিজেদের ভাগ্য ফেরাতে সংগ্রাম করছেন।
জামায়াতের এই নেতা জানান, লাগামহীন চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গত ৪ জুলাই বিকেলে ব্যবসায়ীরা গুলিস্তানে একটি বিক্ষোভ মিছিল বের করেন। কিন্তু সেই শান্তিপূর্ণ মিছিলে চাঁদাবাজেরা হামলা চালিয়ে ব্যবসায়ীদের কুপিয়ে জখম করে। প্রকাশ্য দিবালোকে এমন হামলার ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক, যা দেশের আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতির ইঙ্গিত দেয় বলে তিনি মন্তব্য করেন। সেলিম উদ্দিন আরও বলেন, বর্তমান সরকার গঠনের পর জনগণ আশা করেছিল যে দেশে আইন ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠিত হবে এবং চাঁদাবাজিসহ সব ধরনের দুর্নীতি ও লুটপাট বন্ধ হবে। তবে অতি অল্প সময়ের মধ্যেই জনগণের সেই আশা হতাশায় পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারি দলের একশ্রেণির নেতাকর্মীর প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির সদস্যের সহযোগিতায় সারা দেশে লাগামহীন চাঁদাবাজির মহোৎসব চলছে।
রিপোর্টারের নাম 

























