দেশের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘ডিবেট ফর ডেমোক্রেসি’-এর ফাইনালে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে (বিইউএফটি) পরাজিত করে শিরোপা জিতেছে ঢাকা কলেজ। যুক্তিনির্ভর লড়াইয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা।
চ্যাম্পিয়ন দলের হয়ে মাহিন আহসান, কে এম নাজিব মাহফুজ ইস্তিয়াক, শেখ আকিবুজ্জামান, আরাফাত রহমান ও ইব্রাহিম ভূঁইয়া অংশ নেন। বিতর্কের চূড়ান্ত পর্বে তথ্যনির্ভর বিশ্লেষণ ও কৌশলগত উপস্থাপনার মাধ্যমে তারা বিচারকদের মন জয় করেন। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এবং সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অধ্যাপক আবু আহমেদ তার বক্তব্যে বলেন, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে যুক্তিনির্ভর আলোচনার বিকল্প নেই। তরুণদের মধ্যে গবেষণাধর্মী চিন্তার বিকাশে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা কলেজের এই সাফল্য তাদের দীর্ঘদিনের বিতর্ক ঐতিহ্যে নতুন এক মাত্রা যোগ করেছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রযাত্রার প্রতিফলন।
রিপোর্টারের নাম 

























