ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রকৃত শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পবিত্র কুরআন-সুন্নাহ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসৃত বিশুদ্ধ আকিদা ধারণ করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামারা। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাবেতাতুল ওয়াজেীন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তারা এ কথা বলেন। ‘উম্মতের বিশুদ্ধ আকিদার হেফাজত ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই সভায় বক্তারা আকিদাগত বিভ্রান্তি থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল বাসেত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ঈমান ও আকিদা সুরক্ষিত না থাকলে কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। বর্তমান সময়ে ইসলামের সঠিক আকিদা নিয়ে নানামুখী অপতৎপরতা চলছে, যা থেকে উম্মাহকে রক্ষা করা আলেম সমাজের প্রধান দায়িত্ব। সভায় মাওলানা মামুনুল হক, মাওলানা মাহফুজুল হক এবং প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরীসহ দেশের বরেণ্য ইসলামী চিন্তাবিদ ও খতিবরা বক্তব্য রাখেন।
মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিলের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা আরও উল্লেখ করেন, ইসলামের সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে সঠিক দ্বীনি শিক্ষা পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ আলেম ও ইমাম অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 






















