ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে হলে বিশুদ্ধ আকিদার কোনো বিকল্প নেই। তাই সকল আলেম-উলামা এবং ইসলামপ্রিয় জনসাধারণকে আকিদাগত বিভ্রান্তি থেকে সতর্ক থেকে কোরআন-সুন্নাহ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসৃত বিশুদ্ধ আকিদা দৃঢ়ভাবে ধারণ করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ আয়োজিত ‘উম্মতের বিশুদ্ধ আকিদার হেফাজত ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল বাসেত খানের সভাপতিত্বে এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামী চিন্তাবিদরা বক্তব্য রাখেন। কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ও দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড-বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা জোর দিয়ে বলেন, বর্তমান সময়ে উম্মতের বিশুদ্ধ আকিদা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য দায়িত্ব। নানা ধরনের বিভ্রান্তি, ভ্রান্ত মতবাদ এবং অপসংস্কৃতির আগ্রাসন থেকে সমাজকে রক্ষায় কুরআন-সুন্নাহভিত্তিক সহিহ আকিদার শিক্ষা সর্বস্তরে পৌঁছে দেওয়া সময়ের দাবি।
এ লক্ষ্যে আলেম-উলামা, খতিব, ওয়ায়েজ এবং দ্বীনি কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা মুসলিম সমাজে ঈমান-আকিদার বিশুদ্ধতা রক্ষা, ইসলামের মৌলিক শিক্ষা প্রচার এবং ভ্রান্ত মতবাদ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
রিপোর্টারের নাম 






















